একমাস আগে খাতুনগঞ্জের পাইকারি বাজারে ছোলা বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকায়। যা এখন বিক্রি হচ্ছে ১০২ থেকে ১০৫ টাকায়। রমজানে এই ভোগ্য পণ্যের চাহিদা থাকে প্রায় এক লাখ টন। রোজার বাকি এখনো তিন মাস। এরইমধ্যে অস্থির এই পণ্যের বাজার। গেল বছরের চাইতে এ বছর ছোলার দাম ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। আমদানিকারকদের দাবি, দেশের ছোলার চাহিদার বেশিরভাগ আমদানি করা হয় অস্ট্রেলিয়া থেকে। এ বছর সে দেশে উৎপাদন কমার কারণে বিশ্ববাজারে বুকিং দর উঠেছে চড়া দামে। বেড়েছে জাহাজ ভাড়াও। এছাড়া ডলারের ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে পণ্যের ওপর। বেড়েছে মটরসহ অন্যান্য ডাল জাতীয় পণ্যের দামও।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতি সাবেক সাধারণ সম্পাদক এহসান উল্যাহ জাহেদী বলেন, ‘গত ১৫ দিন বা এক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম বেড়েছে প্রায় চার থেকে পাঁচ টাকা টাকার বিপরীতে। যে কারণে গত বছরের তুলনায় এ বছর রমজানের যে পণ্যগুলো সেগুলোর দাম ৪০ থেকে ৪৫ শতাংশ বেশি থাকবে।’
আরও পড়ুন:
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতি সাবেক সভাপতি সোলায়মান আলম বাদশা বলেন, ‘ডলারের সংকট ডলারের রেট বেশি এবং আমাদের ঘুরে আসতে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে যে ছোলাগুলো নিয়ে আসতেছে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হচ্ছে। কন্টেইনার ভাড়া, সব মিলিয়ে আসলে এক ধরনের হজবরল অবস্থা।’
এদিকে রমজানকে সামনে রেখে খেজুর, চিনি এবং হলুদ-মরিচসহ বিভিন্ন মসলাজাতীয় পণ্যের আমদানিও শুরু হয়েছে। ব্যবসায়ীদের শঙ্কা, ডলারের উচ্চমূল্য, বুকিং রেট বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ বেশি পড়ায় এ বছর রমজানের এসব পণ্যের দামও বাড়বে। পাশাপাশি, ভোজ্যতেল, চিনি ও ছোলাসহ ১০টি পণ্য আমদানিতে এলসি মার্জিনে বিশেষ সুবিধা ও ছাড় দেয়ার সরকারের সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছে ব্যবসায়ীরা।
তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় পাইকারি ও খুচরা বাজারে কমেছে পেঁয়াজ ও রসুনের দাম। রমজানে বাজার নিয়ন্ত্রণে।
রমজানের বাজার নিয়ন্ত্রণে আমদানিকারক থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত পুরো সাপ্লাই চেইন ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। এছাড়া পণ্য আমদানিতে ব্যাংকিং ব্যবস্থা সহজ করার পাশাপাশি সরকারিভাবে ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে আমদানি করা গেলে রমজানে এসব পণ্যের দাম কমে আসতে পারে দাবি তাদের।





