রাজধানীর বাজারে সবজির বাড়তি দাম; ডিসেম্বরে কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা

রাজধানীর একটি বাজার
কাঁচাবাজার
বাজার
0

শীতের সবজি আসতে শুরু করলেও বাজারে স্বস্তি ফিরছে না। বেশিরভাগ সবজি-ই বিক্রি হচ্ছে ৮০ টাকার বেশি দামে। আদা ও পেঁয়াজের দাম কিছুটা কমলেও অন্যান্য সবজিতে ক্রেতাদের অস্বস্তি কমেনি বললেই চলে। এদিকে বাজারে ডিম, মুরগির মাংস ও চালের দামও খানিকটা বেড়েছে। ছুটির দিনে বাজারের এমন পরিস্থিতিতে খানিকটা বিপাকেই পড়তে হচ্ছে ক্রেতাদের। তবে বিক্রেতারা মনে করছেন, ডিসেম্বরের শুরুতে বাজারে সবজির দাম কিছুটা কমতে পারে।

ব্যাগভর্তি বাজার এখন অনেকটাই অসাধ্য ব্যাপার। বেসরকারি বা সরকারি চাকরিজীবী— সবার অভিযোগ প্রায় একই, আয়ের চেয়ে বেড়েছে ব্যয়।

রাজধানীর কারওয়ান বাজারে শীতের সবজি আসতে শুরু করলেও বাজারে স্বস্তি ফিরছে না। বেশিরভাগ সবজিই বাজারে মিলছে কেজিপ্রতি ৮০ থেকে ১৮০ টাকায়।

বাজার ঘুরে দেখা যায়, বেগুন, চিচিঙ্গা-ঝিঙা-ধুন্দল, করলা-বরবটি-দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা এবং শিম ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তুলনামূলক বেশি দামের সবজির মধ্যে ভারতীয় টমেটো ১৮০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, দেশি টমেটো ১৫০ টাকা, চায়না গাজর ১৪০ টাকা এবং দেশি ও ভারতীয় নতুন আলু ১৪০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়েছে সবজির দাম। ডিসেম্বরের শুরুতে দাম কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। তবে আদা ও পেঁয়াজ ২০ থেকে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে।

এদিকে গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়ে মুরগির ডিম প্রতি ডজন মিলছে ১৩০ টাকায়। ব্রয়লার ও সোনালি মুরগি ১০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ ও ৩২০ টাকা কেজিতে।

প্রায় সব ধরনের মাছের দামও কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বাড়তি, চড়া ইলিশের দরও। বস্তাপ্রতি সব ধরনের চালের দামও বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা।

এসএইচ