দৌলতদিয়ায় বাসডুবি: এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার

উদ্ধার হওয়া বাস
এখন জনপদে
দেশে এখন
1

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া বাস থেকে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৬ জনের মরদেহ এরইমধ্যে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যে ২৪ জনকে পানির নিচে তলিয়ে থাকা বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আটজন পুরুষ, নারী ১১ জন ও পাঁচজন শিশু।

এছাড়া স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে দুর্ঘটনা তদন্তে রাজবাড়ি জেলা প্রশাসন ও নৌ মন্ত্রণালয় দু’টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিতে প্রতিবেদন জমা দেবে।

আরও পড়ুন:

এর আগে বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায় ‘সৌহার্দ্য পরিবহন’ এর বাসটি। এসময় বেশকিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অনেকে।

পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া বাসটি ৬ ঘণ্টা পর টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। বুধবার রাত সোয়া ১১টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। এরপর সাড়ে ১১টার দিকে বাসটি ক্রেন দিয়ে টেনে পানির ওপরে তোলা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনার পর তাৎক্ষণিক খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসার বিষয়ে জরুরি নির্দেশনা দেন তিনি। রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এসএস