১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জ
হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
এখন জনপদে
দেশে এখন
0

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ওই রুটে ট্রেন চলতে শুরু করে।

রেলওয়ে সূত্র জানায়, উদ্ধার কাজ শেষে পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। প্রথমে হরষপুর স্টেশনে অবস্থানরত সিলেটগামী পারাবত এক্সপ্রেস চালু করা হয়। এরপর শায়েস্তাগঞ্জে থাকা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া ঢাকা-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস বর্তমানে শ্রীমঙ্গল স্টেশনে অবস্থান করছে।

অন্যদিকে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আজমপুর স্টেশনে রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

এর আগে গতকাল (বুধবার, ১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে মনতলা এলাকায় সিলেটগামী তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ছয়টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

ঘটনার পর সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ ও রেললাইন মেরামত শেষে চলাচলের উপযোগী করা হয়।

আরও পড়ুন:

এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

দীর্ঘ ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরছে।

এসএস