গতকাল (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) রাত ১১টার দিকে এসআরবির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে নিরাপদ স্থানে বস্তুটি নিষ্ক্রিয় করেন।
পরে এর ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির পক্ষ থেকে লোগোসংবলিত একটি ৮ দফা দাবির স্মারকলিপি পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানায়নি প্রশাসন। প্রশাসনের দাবি বৃহস্পতিবার ভোরে চাদর দিয়ে মুখ ঢেকে এক ব্যক্তি জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প ডেস্কের কাছে রেখে যায় হাতে তৈরি বোমটি। বিষয়টি নজরে এলেই নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এসআরবি বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়।
এসআরবি নীলফামারী-১৩’র সহকারী পুলিশ সুপার তৌহিদ বলেন, ‘খবর পেয়ে আমাদের বোম ডিসপোজাল ইউনিট নিশ্চিত হয় এটি আইইডি বোম। যা অতটা ক্ষতিকারক নয়। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।’
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘যে ব্যক্তি হাতে তৈরি বোমটি রেখে গিয়েছিল তার মুখ চাদর দিয়ে ঢাকা ছিলো। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না। তারা উপস্থিতি জানানোর জন্য বা কোনো পরিবেশ তৈরি করার জন্য এটি করেছে।’
এমন বস্তু দেখলে না ছুঁয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা জানান তিনি।





