শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হকের জয়

মো. মাহমুদুল হক রুবেল
এখন জনপদে
দেশে এখন
4

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া নির্বাচনে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মোট ১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

এছাড়া বাসদ মনোনীত প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। এ আসনে মোট ৫২.১৯ শতাংশ ভোট পড়েছে এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬টি ভোট।

ভোটগ্রহণ চলাকালে বিকেল সোয়া ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ।

আরও পড়ুন:

তিনি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, হুমকি-ধামকি এবং জাল ভোট দেয়ার অভিযোগ তোলেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে বিজয়ী প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনে তিনি এসব ভিত্তিহীন অভিযোগ করছেন। ভোটাররা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।’

উল্লেখ্য, এর আগে জামায়াত সমর্থিত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন এই আসনে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পুনঃতফসিলে আজকের এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এসএস