নগর উন্নয়নে দলীয় প্রভাব খাটানোর সুযোগ নেই—দাবি ডিএনসিসির

নগর উন্নয়নে দলীয় প্রভাব খাটানোর সুযোগ নেই—দাবি ডিএনসিসির
দেশে এখন
0

আন্ডারগ্রাউন্ডে থেকে দলীয় প্রভাবে কেউ নগর উন্নয়নে অংশ নিতে পারবে না বলে হুঁশিয়ারি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক। তিনি বলেন, ‘মশক নিধন ও উচ্ছেদ অভিযানে দলীয় প্রভাব খাটানোর সুযোগও থাকবে না।’ এদিকে, মশক নিধন যন্ত্রের জ্বালানির কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক।

রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালী। দুদিন আগে এখানে ফুটপাথ দখলমুক্ত করতে সিটি করপোরেশন অভিযান চালালেও আবারও পসরা সাজিয়ে বসেছেন হকাররা। পথচারীদের অভিযোগ, সিটি কর্পোরেশন আসে আর যায়, কিন্তু দখলমুক্ত হয় না ফুটপাথ।

এমন বাস্তবতার মধ্যেই আজ (শনিবার, ১১ এপ্রিল) সকালে রাজধানীর মানিকদিতে মশক নিধন, পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক। স্পষ্ট বার্তা দেন ফুটপাত দখল আর নগর উন্নয়নে দলীয় প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা একদিক থেকে উচ্ছেদ করছি, অন্যদিক থেকে তারা আবার চেষ্টা করছে ফিরে আসার। আমাদের ও এ ওয়ার্ডের দায়িত্ব উচ্ছেদের পর সে জায়গায় গিয়ে মনিটরিং করা। আন্ডারগ্রাউন্ডে খারাপ কাজের সঙ্গে যারা যুক্ত থাকবেন তারা এ দায়িত্বে থাকবেন না।’

আরও পড়ুন:

প্রশাসক জানান, উচ্ছেদ অভিযানের পর ফুটপাত যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে। কিউলেক্স মশা নিধনে ড্রেন পরিষ্কার ও লার্ভিসাইডিং কার্যক্রমকেও প্রাধান্য দিচ্ছে ঢাকা উত্তর সিটি।

তিনি বলেন, ‘আগামীতে ডেঙ্গু থেকে নিরাপদ ও চিকনগুনিয়া থেকে নিরাপদ থাকার জন্য এরই মধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

এদিকে, সকালে ইস্কাটনে একই কার্যক্রমে অংশ নেন ঢাকা দক্ষিণ প্রশাসক। এসময়, মশক নিধন যন্ত্রে ব্যবহৃত ডিজেলের ঘাটতি নেই বলে জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘মাঝে ডিজেলের সংকট হয়েছিলো। মন্ত্রীর সহযোগিতায় এখন আমাদের ডিজেল সংকট নেই, পর্যাপ্ত পরিমাণে ডিজেল আছে।’

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি শনিবার বিশেষ মশক নিধন অভিযান চলবে দুই সিটি কর্পোরেশনে। পাশাপাশি নগরবাসীকে সচেতন করতে চালানো হবে প্রচার। ৮ এপ্রিল শুরু হওয়া অভিযান চলবে আগামী ২১ এপ্রিল পর্যন্ত।

এফএস