ভৈরবে বসতঘরে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

কিশোরগঞ্জ
ভৈরবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এখন জনপদে
0

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে কয়েকটি বসতঘর। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুনে নিয়ন্ত্রণ আসে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুবুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভৈরব পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চণ্ডিবের এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, সড়কের একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্ট-সার্কিটের পর একটি বসতঘরের ফ্রিজে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা আসপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। চণ্ডিবের ঘুড়ি মার্কা ভবনের পাশের গলিতে কয়েকটি বসতঘর আগুনে পুড়ে যায়।

আরও পড়ুন:

খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভৈরব নদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে ঘটনাস্থলে কাজ চলছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।

এছাড়া ঘটনাস্থলের সরু রাস্তা ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয় বলে জানান এ কর্মকর্তা।

এসএইচ