হরমুজ প্রণালির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেলো ইরান

তেহরানে মিছিলে মোটরসাইকেলে অংশ নিচ্ছেন লোকজন
বিদেশে এখন
0

কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালু ও যুদ্ধবিরতির বিষয়ে দেওয়া প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি সরাসরি নাকচ করার দাবি করলেও, ওয়াশিংটনের লিখিত প্রতিক্রিয়া হাতে পাওয়ার কথা জানাল তেহরান।

একই সময়ে দুই দশকের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে প্রতিবেশী দেশ ইরাক থেকে নিজেদের শেষ সেনাদল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সেনা গুটানোকে নিজেদের ‘ঐতিহাসিক রাজনৈতিক ও সামরিক বিজয়’ হিসেবে উদযাপন করছে ইরান এবং তাদের সমর্থিত আঞ্চলিক প্রতিরোধ অক্ষের শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো।

আট মাসে পা রাখা এই সংঘাতের অচলবস্থা কাটাতে গত সপ্তাহে জাতিসংঘের অধিবেশনে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল ইরান। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে সাধারণ জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে।

ইরান ছাড় ও পদক্ষেপের ক্ষেত্রে যে রূপরেখা চেয়েছে, তাতে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সম্মত হলেও কোন পক্ষ আগে পদক্ষেপ নেবে—তা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতদ্বৈধতা রয়ে গেছে। কাতার সফর শেষে দেশে ফেরার পথে মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে দোহায় অবস্থানের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে মার্কিন এই জবাবের বিষয়ে অবহিত করেন কাতারি প্রতিনিধিরা।

এদিকে ইরাক থেকে মার্কিন বাহিনীর প্রত্যাহারের বিষয়ে দেশটির শিয়া প্রতিরোধ বাহিনীর কমান্ডার আবু মুজতবা আল-ইয়াসিরি বলেন, এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রকল্পের এক শোচনীয় পরাজয়। ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে অঞ্চলটিতে ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর রাজনৈতিক ও সামরিক প্রভাব আরও মজবুত হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা।

অন্যদিকে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে চাপে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রতি ২৬ পৃষ্ঠার এক খোলা চিঠিতে ট্রাম্পের মিত্রদের ভোটাভুটিতে বয়কটের আহ্বান জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। তবে ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধে কোণঠাসা হয়ে পড়া ইরান শিগগিরই আত্মসমর্পণ করবে।

এএম