প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান; উন্নয়ন প্রত্যাশায় উচ্ছ্বসিত জনপদ

প্রধানমন্ত্রী তারেক রহমান
এখন জনপদে
দেশে এখন
0

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার আগামীকাল (সোমবার, ২০ এপ্রিল) বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। এ সফরে তিনি জেলার গাবতলী উপজেলার পৈতৃক নিবাস বাগবাড়ী গ্রামে যাবেন। তার আগমনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনের সবকটিতে বিএনপির জয় পাওয়ার পর জেলাবাসীর প্রত্যাশা আরও বেড়েছে। সরকার গঠনের পর এবার উন্নয়নবঞ্চিত বগুড়া নতুন গতিতে এগিয়ে যাবে— এমন আশা করছেন তারা।

জেলার মানুষের দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ চালু, বগুড়া বিমানবন্দর সচল করা, করতোয়া নদী সংস্কার, ভারী শিল্প পার্ক স্থাপন, যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রীর এ সফরে এসব বিষয়ে ইতিবাচক বার্তা মিলবে বলে আশা করছেন স্থানীয়রা।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ার মানুষ উজ্জীবিত। বগুড়ার উন্নয়ন নিয়ে তিনি বরাবরই আন্তরিক, এমন বিশ্বাস তাদের। তার পরিকল্পনায় জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেও মনে করছেন তারা।

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বাগবাড়ী গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। স্থানীয়দের আশা, অবহেলিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের সেবার মানও বাড়বে।

সফর উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আগমনস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তা ও কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী কয়েকটি স্থানে যাবেন, কিছু উন্নয়ন কাজের ফলক উন্মোচন করবেন এবং বাগবাড়ীতে ফ্যামেলি কার্ড বিতরণ করবেন। পাশাপাশি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িও পরিদর্শন করবেন।

এ সফরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা, ই-বেল্ডবোন উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ নানা কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এসএইচ