ভোক্তা পর্যায়ে ২৯ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি
দেশে এখন
0

ভোক্তা পর্যায়ে ২৯ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) রাজধানীর কেআইবি মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে এ প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে দেশের ছয়টি বিতরণ কোম্পানি। তবে মূল্যবৃদ্ধির সব প্রস্তাবকে বয়কট করার পাশাপাশি মুনাফালোভী মনোভাব থেকে বেরিয়ে এসে কাজ করার পক্ষে মত দেন অংশীজনরা।

গণশুনানির দ্বিতীয় দিনে আলাদা আলাদা প্রস্তাব তুলে ধরে ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি। বিতরণ কোম্পানিগুলো জানায়, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় বেড়েছে। আর এ ঘাটতি কাটিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর বিকল্প নেই।

বিতরণ কোম্পানি ওজোপাডিকো জানায়, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাইকারিতে খুচরার তুলনায় প্রতি ইউনিটে ৮৫ পয়সা দাম বেশি বেড়েছে। ঘাটতি মোকাবিলায় ১০ দশমিক ১২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর আবেদন জানায় সংস্থাটি। এদিকে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বা ডেসকো গত তিন অর্থবছরে ২ হাজার ৬১১ কোটি টাকার বেশি ঘাটতি গুণছে। সেই সঙ্গে আসছে অর্থ বছর প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা ঘাটতির আশঙ্কা থেকে খুচরা বিদ্যুতের দাম সর্বোচ্চ ৯ দশমিক ৬৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে।

আরও পড়ুন

পিডিবি কর্মকর্তা বলেন, ‘আমাদের চারবার খুচরা মূল্য বৃদ্ধি পেয়েছে। আর এর মূল্য সমন্বয় হয়েছে ২৫ দশমিক ০২ শতাংশ। যার ফলে আমার এখানেই ১১ শতাংশ লস।’

শুনানিতে দেশের সবচেয়ে বড় বিতরণ সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লোকসান এড়াতে গ্রাহক পর্যায়ে ৫ দশমিক ৯৩ শতাংশ মূল্যবৃদ্ধির আবেদন জানায়। আর ডিপিডিসি তাদের পরিচালন ব্যয় ও ঘাটতি সামাল দিতে গড় খুচরা মূল্যহার ৬ দশমিক ৯৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব তুলে ধরে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘাটতি মেটাতে প্রতি ইউনিটে ২৯ পয়সা দাম বাড়ানোর প্রস্তাব পেশ করে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘বিশ্ব অর্থনীতি বর্তমান অবস্থার কারণে বাংলাদেশের বিদ্যুতের খাতে প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে একটি ভারসম্য দরকার।’

এদিকে, বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানগুলোর মূল্যবৃদ্ধির সব প্রস্তাবকে বয়কট করার কথা জানান ক্যাবের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি মুনাফালোভী মনোভাব থেকে বেরিয়ে কোম্পানিগুলোকে জনস্বার্থ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার পক্ষে মত দেন অংশীজনরা।

এর আগে আজ বৃহস্পতিবার পাইকারি পর্যায়ে ২১ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির প্রস্তাব করে পিডিবি।

জেআর