শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

রামিসার বাবা-মায়ের সঙ্গে প্রধানমন্ত্রী
দেশে এখন
1

রাজধানীর পল্লবীতে গিয়ে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে পল্লবী এলাকায় রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর পরই রাত ৯টার দিকে প্রধানমন্ত্রী পল্লবীতে নিহত রামিসার বাসার উদ্দেশে রওনা দেন।

সাক্ষাতে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রামিসার বাবা-মাকে স্বান্তনা দেন।

এ সময় প্রধানমন্ত্রী শিশুটির ওপর নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলসহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রেস উইংয়ের সদস্যরা।

এর আগে, আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আরও পড়ুন:

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীতে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করে। গতকাল (বুধবার, ২০ মে) অভিযুক্ত ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ ঘটনায় পুলিশ জানায়, সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে।

পরে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসএস