শেষমুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুরহাট। বছরজুড়ে পালিত গরু-ছাগলে টইটম্বুর হাট-বাজার। হাট ভেদে বিক্রি বাড়লেও দাম নিয়ে আছে ভিন্নতা। গরুর পাশাপাশি বেড়েছে ছাগলের বিক্রিও।
উত্তরের জেলা পঞ্চগড়ে বাজারে গবাদিপশুর বিক্রি বেড়েছে। জেলার রাজনগর, নগরকুমারিসহ পশুর হাটগুলোতে ক্রেতাদের ভিড়। ভারত থেকে গরু না আসলেও ন্যায্য মূল্য পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। হাটে মাঝারি সাইজের গরুই বিক্রি হচ্ছে বেশি।
বিক্রেতারা জানান, হাটে গরুর চাহিদা অনুযায়ী যোগান আছে। তবে দাম উঠছে না গরুর।
ক্রেতাবিক্রেতার সুবিধায় হাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কাজ করছে ইজারাদারের স্বেচ্ছাসেবকরাও।
পঞ্চগড় রাজনগর পশুরহাটের ইজারাদার আব্দুস সামাদ পুলক বলেন, ‘আমরা হাটের নিরাপত্তার স্বার্থে আমরা অনেক কিছু করেছি। লাইটিং এর ব্যবস্থা করছি, মাইকিং এর ব্যবস্থা করছি। তারপর আমরা নিরাপত্তা প্রহরী রাখছি।’
জেলায় গবাদিপশুর চাহিদা প্রায় ১ লাখ সাড়ে ৩ হাজার। উৎপাদন বেশি হওয়ায় উদ্বৃত্ত থাকবে প্রায় ৩০ হাজার পশু।
পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম বলেন, ‘গরু কোরবানির জন্য যোগান আছে। আমাদের এই এলাকার চাহিদা ১ লাখ ৩ হাজার ৪৫০টি। চাহিদার মিটিয়েও উদ্বৃত্ত থাকবে প্রায় ২৬ হাজার ৮৫০ টির মত।’
আরও পড়ুন:
এদিকে, সাভারের সবচেয় বড় পশুরহাটে জমে উঠেছে বিক্রি। পৌরসভার রেডিও কলোনির এই হাটে গরুর পাশাপাশি বেড়েছে ছাগলের বিক্রি। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা পশু নিয়ে আসেন। গরুর পাশাপাশি হাটে বেড়েছে ছাগলের বিক্রি। একক কোরবানির জন্য অনেকে কিনছেন ছাগল। দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেন ক্রেতা-বিক্রেতারা।
ক্রেতারা জানান, তারা হাটে এসে পশু দেখে সন্তুষ্ট। পশু কিনতে পেরে আনন্দের কথা জানান তারা।
হাটের সার্বিক নিরাপত্তায় জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ইজারাদার। পাশাপাশি চাঁদাবাজিসহ সবধরনের অনিয়ম বন্ধে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
সাভার রেডিও কলোনি হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবর বলেন, এই পুরো হাটটি আমরা কিন্তু চার দেয়ালের আবদ্ধ করা। এছাড়া আমাদের থানা পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন সদস্যরা আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করেছে এরই মধ্যে।’
সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র লায়ন মো. খোরশেদ আলম বলেন, ‘আশা করি ক্রেতা এবং বিক্রেতা সাভার পৌরসভার একমাত্র বৈধ গরুর হাট এখান থেকে পশু ক্রয় এবং বিক্রয় করে স্বাচ্ছন্দ্যে বাড়িতে ফিরতে পারবেন।’
সাভার পৌরসভার রেডিও কলোনির এ হাটে এবার অন্তত শতকোটি টাকার পশু বিক্রির আশা করছেন হাট কর্তৃপক্ষ।





