ব্রাসেলসে ইতালি-বেলজিয়াম লড়াইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে ইতালি। কোচ রবার্তো মানচিনির অধীনে অনুশীলনে দেখা গেছে ডোন্নারুম্মা, বারেল্লা, তোনালি ও বাস্তোনিদের।
গ্রুপ ‘এ’তে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে ইতালি। আগের ম্যাচে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে আজ্জুরিরা। সমান ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স। এক পয়েন্ট কম নিয়ে তিনে বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। চোট কাটিয়ে জেরেমি ডোকুর ফেরার সম্ভাবনাও বাড়াচ্ছে বেলজিয়ামের আত্মবিশ্বাস।
অন্যদিকে, মাদ্রিদে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসরা। ম্যাচের আগে ইংল্যান্ড কোচ টমাস টুখেল জানিয়েছেন, বর্ণবাদী আচরণের আশঙ্কা না করলেও খেলোয়াড়দের এ বিষয়ে উয়েফার প্রোটোকল স্মরণ করিয়ে দেয়া হবে।
এর জবাবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে দাবি করেন, স্পেনে কোনো বর্ণবাদ নেই। তবে টুখেল পাল্টা অভিযোগ করেন, স্প্যানিশ সংবাদমাধ্যম তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।
ইংল্যান্ড মিডফিল্ডার ডেকলান রাইসও জানিয়েছেন, এমন পরিস্থিতি তৈরি হলে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, তা দলের খেলোয়াড়দের জানা আছে। তবে তিনি বর্ণবাদী আচরণের প্রত্যাশা করছেন না।
এদিকে গ্রুপ সিতে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে স্পেন। চার ম্যাচে জয় নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। দুই দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
এছাড়া রাতের আরেক ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তুরস্ক।





