ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা: অর্থমন্ত্রী

কক্সবাজার
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
দেশে এখন
0

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার। তবে সংস্থাটির দেয়া শর্ত ও কর্মসূচি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ প্রক্রিয়া আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় শেষে ঋণ কর্মসূচি স্বাভাবিক গতিতে এগিয়ে নেয়া হবে।’

আজ (রোববার, ১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের সঙ্গে সম্পর্ক বা ঋণ কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ ও সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করতে চায় সরকার।’

অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয়েছিল আগের অনির্বাচিত সরকারের সময়ে। তখন যেসব শর্তে সম্মতি দেয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি।’

এ কারণে আইএমএফের শর্ত ও কর্মসূচি বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার। এরই মধ্যে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হয়েছে। একই প্রক্রিয়ায় আইএমএফের কর্মসূচিও সরকারের অগ্রাধিকার ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আলোচনা চলছে।

সরকারের যুক্তি, উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের মধ্যে সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। তাই দেশের অগ্রাধিকার, সক্ষমতা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে উন্নয়ন সহযোগীদের কর্মসূচি এগিয়ে নিতে চায় সরকার।

অর্থমন্ত্রী জানান, ঋণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তবে শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে দেশের বাস্তবতা বিবেচনায় প্রয়োজনীয় পরিবর্তন আনার চেষ্টা চলছে। এ জন্য দুই পক্ষের ওয়ার্কিং গ্রুপ আলোচনা করছে।

সরকার আশা করছে, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এসব আলোচনা ও সমন্বয়ের কাজ শেষ হবে। এরপর আইএমএফের সঙ্গে চলমান ঋণ কর্মসূচি আবার স্বাভাবিক গতিতে এগোবে।

সরকারের লক্ষ্য, ঋণ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এমনভাবে শর্ত বাস্তবায়ন করা, যাতে তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, জনগণের স্বার্থ ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক না হয়।

এদিকে সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেয়া, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস খুঁজতে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এসএইচ