আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে: ববি হাজ্জাজ

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশে এখন
0

সম্প্রতি এক পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করে সমালোচনার মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তার বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা করা হয়েছে’ বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী। আজ (শুক্রবার, ২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোষ্টে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে লিখেন, ‘সাম্প্রতিক সময়ে একটি পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার কিছু মন্তব্য নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আমি মনে করি, আমার বক্তব্যের কিছু অংশ ভুলভাবে বোঝা হয়েছে এবং কিছু ক্ষেত্রে তার ভুল ব্যাখ্যাও করা হয়েছে। এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত চিন্তা ও মতামত; এগুলো কোনোভাবেই সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা নীতির প্রতিফলন নয়। আমি মূলত বলতে চেয়েছি যে, সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি বিশ্বমানের একটি গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত করার। আমার বক্তব্যের উদ্দেশ্য কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মর্যাদা বা অবদানকে খাটো করা ছিল না; বরং ভবিষ্যৎ নিয়ে আমাদের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরা ছিলো।’

আরও পড়ুন:

তিনি আরও লিখেন, ‘আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, গত সতেরো বছরে দেশের উচ্চশিক্ষা খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। গবেষণার প্রতি পর্যাপ্ত গুরুত্ব দেয়া হয়নি, অ্যাকাডেমিক উৎকর্ষের পরিবর্তে স্বৈরাচারী সরকারের রাজনৈতিক বিবেচনা অনেক ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে, এবং শিক্ষক নিয়োগ ও পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধাভিত্তিক মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। প্লেজারিজমের মতো অনৈতিক অ্যাকাডেমিক চর্চার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে। আমি এসব প্রবণতার কঠোর সমালোচনা করি এবং বিশ্বাস করি যে এগুলোর কোনো স্থান একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত নয়।’

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য এবং জাতি গঠনে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এছাড়াও, বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়ার ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, সম্প্রতি এক পডকাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ উল্লেখ করায় প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ বক্তব্যের প্রতিবাদে আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছেন একদল শিক্ষার্থী। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।

ইএ