বনানী লেকের একপাশে অভিজাত সুউচ্চ অট্টালিকা, অন্য অংশে গিঞ্জি সব খুপরি ঘর। যেখানে বসবাস প্রায় ৪ লাখ মানুষের। এই বাসিন্দাদের বড় অংশই শ্রমজীবী, দিনমজুর ও পোশাককর্মী। যাদের উপার্জিত আয় ঘিরে এখানে গড়ে উঠেছে প্রাভাবশালী সিন্ডিকেট। এ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ, তারা নানাভাবে কাটছে নিম্ন আয়ের মানুষের পকেট।
কড়াইলের বাসিন্দাদের অভিযোগ, এখানে প্রতিটি ইউটিলিটি সেবার জন্য গুণতে হয় অতিরিক্ত অর্থ। মিটার ছাড়া অবৈধ লাইনে দেয়া বৈদ্যুতিক সংযোগে তোলা হয় মনগড়া বিল। গ্যাস, পানি, ময়লার বিলেও চলে একই বাণিজ্য। আর এসব অনিয়মের বিরুদ্ধে কথা বললেই নানাভাবে হেনস্তার শিকার হতে হয়।
এ অবৈধ বাণিজ্য শুধু বিলের নামে চাঁদাবাজিতেই সীমাবদ্ধ নয়; প্রভাবশালী চক্রের চোখ পড়েছে লেক দখলেও। লেকের উপর রাতারাতি বাঁশ ও টিন দিয়ে তোলা হচ্ছে ঘর। এসব অবকাঠামো প্রকাশ্যে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হচ্ছে কেনাবেচাও।
যতবারই আগুন লাগে, ততবারই সামনে আসে কড়াইল পুনর্বাসনের আশ্বাস। কিন্তু বাস্তব চিত্র খুব একটা বদলায় না। অতীতের একাধিক মেগা প্রকল্প কেবল রাজনৈতিক স্বার্থের সংঘাত ও দখল বাণিজ্যের সিন্ডিকেটের কারণে বারবারই ভেস্তে গেছে।
যদিও স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, চীনা অর্থায়নে এবার কড়াইলসহ রাজধানীর অন্যান্য বস্তির বাসিন্দাদের পুনর্বাসনে নেয়া হচ্ছে প্রকল্প।
বিশ্লেষকরা বলছেন, রাজধানীর নিম্নআয়ের এসব মানুষের পুনর্বাসন নিশ্চিত হলে যেমন কমবে মাদককারবারি, তেমনি বন্ধ হবে তাদেরকে রাজনৈতিক সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহার।





