একটি পক্ষ সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে: প্রাণিসম্পদমন্ত্রী

প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন
এখন জনপদে
দেশে এখন
2

একটি পক্ষ কীভাবে সরকারকে বেকায়দায় ফেলা যায় সে চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন। আজ (শনিবার, ৩০ মে) কুমিল্লার শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভার শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রিয়েল গণতান্ত্রিক পন্থায় জনগণের দুই তৃতীয়াংশ ভোট পেয়ে সরকার গঠন করেছে। এ নিয়ে একটি পক্ষ মনে কষ্ট পেয়েছে। যার কারণে তারা চেষ্টা করছে কিভাবে বিশৃঙ্খলা করে সরকারকে বেকায়দায় ফেলে দেয়া যায়। আমরা চেষ্টা করেছি; কিন্তু এরপরও এ ষড়যন্ত্র অব্যাহত থাকলে আমরা কঠোরভাবে সামনে এগিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘বিএনপির সরকার কোনোদিনই আইন নিজের হাতে তুলে নেয়নি আগামীতেও নিবে না। তাই সরকার প্রতিটা পাড়া, মহল্লা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য কমিটি করবে। এই কমিটি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে। তারপরও যদি কিছু মানুষ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করে, আমরা যদি আর কোন উপায় খুঁজে না পাই তাহলে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হবে।’

এসময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএ