আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন; আদ-দ্বীন হাসপাতাল
স্বাস্থ্য
দেশে এখন
0

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বেকারির সন্ধান পাওয়া গেছে। আজ (শনিবার, ৩০ মে) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শনে গেলে এ দৃশ্য ধরা পড়ে। এ সময় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, বিষয়টি শক্তভাবে দেখা হবে।

হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালের নীচের ফ্লোরে বেকারি পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে। শক্তভাবে দেখা হবে বিষয়টা।’

তিনি বলেন, ‘হাজার হাজার শিক্ষার্থীর জন্য বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কিনা সেটি দেখা হবে। দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে ছয় নবজাতক মারা গেছে, তাদের মায়েদের সঙ্গে কথা বলার পর তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। শিশুদের মায়েরা বিভিন্ন এলাকায় আছেন। তাদের কাছ থেকে কথা শোনা হবে। তারপর এসব বিষয় তদন্তের মধ্যে থাকবে।’

এর আগে, গত বুধবার (২৭ মে) ভোরে এ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যায়, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে ছয়জন শিশুর মৃত্যু হয়।

ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হান জানান, শনিবার (আজ) তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

এএইচ