সব খাতেই সর্বোচ্চ বরাদ্দ দেয়া হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান
দেশে এখন
0

বর্তমান সরকার হাসপাতাল, স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা, কৃষি, সমাজসেবা ও সামরিক খাতসহ সব খাতেই সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আমরা একটি শূন্য অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছি। তারপরও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সরকার এই দেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটি খাতকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে, বাজেটে যার প্রতিফলন ঘটেছে।’

আজ শনিবার (১৩ জুন) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

গত ১৭ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে আহমেদ আযম খান বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিবাদের ছোবল পড়েনি কোথায়? যে কারণে সমস্ত হাসপাতালসহ সব খাত তো ছিন্নভিন্ন হয়ে গেছে। সার্ভিসগুলো তলানিতে চলে গেছে। আমরা কেবল মাত্র তিন মাস হলো দায়িত্ব নিয়েছি। আশা করি, একটি ভালো পর্যায়ে আবার আমরা সব কিছুকে উন্নীত করতে পারব।’

প্রস্তাবিত বাজেট ও স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, গত দুই দিন আগে সরকারের প্রথম বাজেট ঘোষণা হয়েছে। সেই বাজেটেও দেশের স্বাস্থ্য খাত নিয়ে অর্থমন্ত্রী বিস্তারিত বলেছেন। আগামী বছরের মধ্যেই বাসাইল-সখীপুরসহ দেশের সব উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি অন্যান্য সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

এ সময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভিন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এএম