প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল দেখতে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গ্যালারিতে বসে উপভোগ করছেন প্রধানমন্ত্রী
দেশে এখন
1

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা উপভোগ করছেন।

এ ম্যাচটি দেখতে আজ (শনিবার, ২০ জুন) রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। এরপর ফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন তিনি।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বালক ও বালিকা বিভাগে দেশের সেরা দু’টি করে চারটি দল শিরোপার জন্য লড়ছে।

এছাড়া সেখানে আরও উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন:

বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হচ্ছে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

অন্যদিকে, বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, গত ৬ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অংশগ্রহণ করেছে। গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে চারটি দল জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়।

এসএইচ