‘অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় এক বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত বাস্তবসম্মত নয়’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিবৃতি

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো
শিক্ষা
দেশে এখন
0

বিরূপ আবহাওয়ার মধ্যও এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে একটি বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের পাঠানো প্ৰতিবেদনের ওপর ভিত্তি করেই চট্টগ্রাম ব্যতীত অন্য সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় একটি বোর্ডের কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয় বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়।

আজ (সোমবার, ১৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এ বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবং সব পরীক্ষার্থী আমাদের কাছে সমান গুবুতপূর্ণ। তবে অতি বৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্ৰস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্র উপস্থিত হতে না পারার কারণে এ বোর্ডের পরীক্ষাই ১৬ জুলাই পৰ্যন্ত স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতি ও উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকদের মতামতের প্ৰেক্ষিতে এ সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে বলে জানানো হয়।

অন্যদিকে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বোর্ডগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিতিতে পরীক্ষা গ্রহণের পরিবেশ বিদ্যমান রয়েছে মর্মে স্থানীয় প্রশাসন প্ৰতিবেদন পাঠিয়েছে।

সমন্বয় কমিটি বলছে, অপ্রত্যাশিতভাবে আজ সকালে বিরূপ আবহাওয়ার কারণে কিছু কেন্দ্রে বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হয়। তবে স্থানীয় প্রশাসন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্ৰহণ করতে সক্ষম হয়।

আরও বলা হয়, ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতি উপলব্ধি করে এবং পরীক্ষা বারবার স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্ৰকাশ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্ৰতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

তবে কোনো অঞ্চলে প্ৰাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্ৰহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্ৰশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্ৰহণ করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করতে ও বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে রওনা হতে সবাইকে অনুরোধ জানিয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু সুন্দর ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়।

এসএইচ