এদেশের উন্নয়ন বিএনপি করতে জানে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
দেশে এখন
0

এ দেশের উন্নয়ন শুধু বিএনপি করতে জানে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপির আয়োজনে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের পক্ষেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব। তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিলো, ওই সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন দেশের মানুষের উন্নয়নের সুযোগ এসেছে।’

এসময় তিনি বলেন, ‘আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখানে উন্নত মানের মাদ্রাসা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যাতে উন্নত মানের শিক্ষা পায়, সে ব্যবস্থাও করা হবে।’

এ সময় তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, ‘আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নই বিএনপি সরকারের একমাত্র লক্ষ্য।’

ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ অনেকে।

এর আগে শামা ওবায়েদ ইসলাম সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত ‘প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া মাঝারদিয়া ইউনিয়নে ‘সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জেআর