রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

মন্ত্রিপরিষদ বিভাগ
দেশে এখন
0

দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়। পরিপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষর করেন।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির পূর্বে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন:

এ নির্দেশনা সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীন সব দপ্তরের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে আরও বলা হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে জানানো হয়, নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর হবে।

এসএস