কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আঘাত না পায়: হুইপ নিজান

ব্রাহ্মণবাড়িয়া
কথা বলেছেন জাতীয় সংসদের হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান
এখন জনপদে
দেশে এখন
1

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে ইঙ্গিত করে জাতীয় সংসদের হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান বলেছেন, সংসদে কথা বলার সময় এমনভাবে বক্তব্য দিতে হবে, যাতে অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হন। বক্তব্য দেয়ার ক্ষেত্রে স্বাধীনতা থাকলেও তা যেন অশালীন না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মাদক, দুর্নীতি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল প্রসঙ্গে হুইপ নিজান বলেন, ‘রুমিন ফারহানার বক্তব্যে কেউ সংক্ষুব্ধ বা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে বিরোধীদলীয় নেতা ১০ সেপ্টেম্বর বক্তব্য দিয়েছেন, সংসদ নেতাও বক্তব্য দিয়েছেন। সংসদ নেতা বলেছেন, তাদের সহ্য করতে হবে।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের নামই হলো ধৈর্য। নেতা যখন ধৈর্য ধরার কথা বলেছেন, তখন যারা সংক্ষুব্ধ হয়েছেন, তাদেরও ধৈর্য ধরতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

হুইপ বলেন, ‘আমি যখন কথা বলব তখন লক্ষ্য রাখতে হবে, আমার কথায় অন্য কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়। আমি যেমন যেকোনো কথাই বলতে পারব, আবার মনে রাখতে হবে আমার বক্তব্য যেন অশালীন না হয়। সে রকম কথা মাঝে-মধ্যে হয় সংসদে, হয় না যে এরকম না।’

আরও পড়ুন:

জ্বালানি সংকট প্রসঙ্গে আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘বর্তমানে জাতীয়ভাবেই গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে।’ আগের সরকারের সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা করে গেছে; ৩৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, হাতিরঝিলে ওটার জন্য ১০০ কোটি টাকা খরচ করে উৎসব করেছে—ওইসব কথা বলে আর কোনো লাভ নেই।’

তিনি বলেন, ‘বর্তমান সংকটের কথা জনগণকে জানাতে হবে এবং এই সংকট থেকে উত্তরণের পথ বের করতে হবে। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।’

মাদকের ভয়াবহতা তুলে ধরে হুইপ বলেন, ‘সুপরিকল্পিতভাবে দেশে মাদক আনা হচ্ছে। ঘরে ঘরে মাদকের থাবা পড়েছে। এ পরিস্থিতি থেকে জাতিকে রক্ষা করতে হবে। এ কারণে প্রধানমন্ত্রীর প্রধান অগ্রাধিকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ।’

এসময় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এবং জেলা বিএনপির সহসভাপতি এ. বি. এম. মোমিনুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে গতকাল (শনিবার, ১২ সেপ্টেম্বর) আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে।

এসএইচ