ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি: আইনমন্ত্রী

সজিব হোসেন
সাতক্ষীরা
অনুষ্ঠানে কথা বলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
দেশে এখন
0

সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকা শহরে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ-বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘সাব-রেজিস্ট্রি বিভাগ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যায়। এ ধরনের অনিয়ম বন্ধ করতেই প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে।’

তিনি বলেন, ‘লটারি পদ্ধতি চালু হলে সাব-রেজিস্ট্রি অফিসে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে।’

সভায় বাক্‌স্বাধীনতা প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘মতপ্রকাশ, বাকস্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ইয়েলো জার্নালিজম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা প্রয়োজন।’

আরও পড়ুন:

সাইবার আইন-২০২৬ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও বাকস্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য উপকমিটিতে পাঠানো হয়েছে। এরই মধ্যে সংশোধনী নিয়ে জনপরামর্শের প্রক্রিয়া শুরু হয়েছে।’

এছাড়া রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেয়া হচ্ছে, তেমনি রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, ‘অতীতে বিচার বিভাগের নানা সমস্যার কারণে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এখন বিচারব্যবস্থা মেরামতের কাজ করছে।’ এ কাজে কিছুটা সময় লাগবে বলে জানিয়ে তিনি সাংবাদিকসহ সবার সহযোগিতা ও আস্থা প্রত্যাশা করেন।

এর আগে, সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমন্বয়সভায় অংশ নেন তিনি।

এসএইচ