স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখে পরিবর্তন আসছে

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ
দেশে এখন
0

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখে পরিবর্তন আসছে। নতুন সময়সূচি নির্ধারণে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই ভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে কমিশন।

আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) কমিশনের এ অবস্থানের কথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আগামী ১৭ সেপ্টেম্বরের বৈঠকেই মূল সিদ্ধান্ত হবে। সেখানেই নির্ধারণ করা হবে ঠিক কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

এদিকে, মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না।

তিনি বলেন, ‘এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ ব্যাপারে কিছু জানে না।’

প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব সরাসরি কোনো বিতর্কে জড়াতে চাননি। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রীর বক্তব্যের পাল্টা বক্তব্য দেয়ার ধৃষ্টতা কমিশন দেখাবে না। তবে ভোটের চূড়ান্ত তারিখ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বরের বৈঠকেই নেয়া হবে।’

এর আগে, সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, দেশের চার হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে ইসি।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার কথা ছিল। মোট সাত ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

প্রাথমিক সূচি অনুযায়ী, ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের পর দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছিল।

প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের এই দীর্ঘ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা ছিল। তবে ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এসব তারিখে পরিবর্তন আসতে পারে।

এএইচ