শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিচ্ছেন মির্জা ফয়সল আমীন এবং এলিজা জামান
দেশে এখন
0

শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান।

আজ (মঙ্গলবার, ৩ নভেম্বর) দুপুরে তাদেরকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। শপথগ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০৪।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

এছাড়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ নুরল ইসলাম মনিসহ অন্যান্য হুইপ উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

জেআর