সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
শিক্ষা
দেশে এখন
1

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে বলা হয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

গত ৫ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ (রোববার, ৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠন করতে হবে।

এদিকে, কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের তাদের অঞ্চলের আওতাধীন কলেজগুলোতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনের প্রতিবেদন অধিদপ্তরের ই-মেইলে (ad-admin@dshe.gov.bd) পাঠাতে হবে। অধিদপ্তরের চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং সরকারি-বেসরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।—বাসস

এএইচ