আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের টাউন হলে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী শেষে বিমানমন্ত্রী এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নতুন প্রজন্মকে চিন্তাশীল, যুক্তিবোধ ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার চেষ্টা করছে। আজকে এই বিতর্ক প্রতিযোগিতা তারই বহিঃপ্রকাশ। দেশপ্রেম ও মানবিকতায় উজ্জীবিত নতুন প্রজন্মের হাতেই দেশ নিরাপদ।’
তিনি বলেন, ‘দেশে সহিংসতার ঘটনা যা ঘটছে তা এআই প্রযুক্তির মাধ্যমে বেশি বেশি করে দেখানো হচ্ছে। ফ্যাসিবাদের গুপ্তচররা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। তবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে কেউ পার পাবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসার কোনো সুযোগ নেই।’
আরও পড়ুন:
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাকির হোসেন বাবলু ও লুৎফুল্লাহেল মাজেদ, সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলার ১৩টি উপজেলা এবং সদর ও সিটি করপোরেশন এলাকা থেকে মোট ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
‘যুক্তিতে মুক্তি, সত্যের জয়--বিতর্কে গড়ি আগামীর পরিচয়’ এই প্রতিপাদ্যে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয়বস্তু ছিলো ‘গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ।’
বিজয়ী দলকে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতার অন্যান্য পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখা বিতার্কিকদেরও পুরস্কৃত করা হয়।
বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেন বিমানমন্ত্রী ও অতিথিরা।




