আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।
বৈঠকে এডিবির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম।
বৈঠকে এডিবির কান্ট্রি ডিরেক্টর কম্পিউটার সায়েন্স, আইসিটি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাতে উচ্চশিক্ষায় গবেষণা ও উন্নয়নের সক্ষমতা বৃদ্ধি, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের (ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া) মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে বিনিয়োগ ও অনুদানের পরিকল্পনার কথা তুলে ধরেন।
এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে ইন্টারেক্টিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগের কথা জানান তিনি।
বৈঠকে চিংফেং ঝাং উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম যেন কেবল একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক ও শিল্পখাতের সমস্যা সমাধানে ভূমিকা রাখে, সেটিই এডিবির এ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে বর্তমান সরকারের বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।
তিনি জানান, শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বড় সংস্কার হিসেবে চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ এবং ‘সংস্কৃতি’ নামে দু’টি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে। এবার শুধু চতুর্থ শ্রেণিতে এটি শুরু করেছি, তবে পরের শিক্ষাবর্ষে এটি পঞ্চম শ্রেণিতেও থাকবে এবং ধীরে ধীরে সব ক্লাসেই ক্রীড়া এবং সংস্কৃতি বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকবে।
নারী শিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিলো; বর্তমান সরকার সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে স্নাতক (গ্র্যাজুয়েশন) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদে তা স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি “মিড-ডে মিল” কর্মসূচি দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু আছে, যা পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে চালু করার পরিকল্পনা রয়েছে।’
শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মাহদী আমিন বলেন, ‘বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিলের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রচলিত বেঞ্চের পরিবর্তে শিক্ষার্থীর জন্য পর্যায়ক্রমে আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া শিশুদের মানসিক বিকাশ ও “আনন্দের সঙ্গে শিক্ষা” (লার্নিং উইথ হ্যাপিনেস অ্যান্ড কালচার) নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে “লার্নিং টয়” এবং বিদ্যালয় প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন আউটডোর ক্রীড়া সরঞ্জাম যুক্ত করা হচ্ছে।’





