ইউক্রেনের সামরিক কারখানায় রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত ১

রুশ ড্রোন হামলার পর ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন
বিদেশে এখন
0

রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে বিভিন্ন সামরিক কারখানা ও লক্ষ্যবস্তুতে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই হামলার সময় কিয়েভের একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত ও অন্তত পাঁচজন আহত হন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের সোলোমিয়ানস্কি এলাকার একটি নয়তলা আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, কিয়েভের একটি রকেট তৈরির কারখানা ছাড়াও ড্রোন সংযোজন কারখানা ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরির কারখানায় সফলভাবে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় জাইতোমির অঞ্চলের বিদ্যুৎ সাবস্টেশনগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।

রাশিয়ার হামলায় ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলেও জ্বালানি ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার বিষয়ে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী মস্কোর দিকে ধেয়ে আসা পাঁচটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ছোড়া মোট ৭১টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এএম