সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তানের শক্তিশালী স্কোয়াড

বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
ফুটবল
এখন মাঠে
0

সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের শক্তি বাড়িয়েছে পাকিস্তান। যোগ দিয়েছেন দলীয় অধিনায়ক আবদুল্লাহ ইকবালসহ ৫ ফুটবলার। নতুন যোগ দেয়া ফুটবলারদের বেশিরভাগই খেলছেন ইউরোপের বিভিন্ন লিগে। ফলে সেমিফাইনালে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন হামজা-শোমিতরা।

এক জয়েই পাকিস্তানের জায়গা হয়েছে সাফের সেমিফাইনালে। প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা স্বাগতিক বাংলাদেশ। থমাস ডুলির দল দুই জয়ে গ্রুপ সেরা হয়ে পা দিয়েছে সেরা চারে। র‌্যাংকিংয়ে কয়েক ধাপ এগিয়ে থাকার পাশাপাশি হামজা-ফারহানরা যোগ দেওয়ায় শক্তির বিচারেও বেশ খানিকটা এগিয়ে বাংলাদেশ। তাইতো সাফের নক আউট এই ম্যাচে বাংলাদেশকে টেক্কা দিতে নিজেদের দলে শক্তি বাড়িয়েছে পাকিস্তান।

সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে পাকিস্তান দলে নতুন করে যুক্ত করা হয়েছে পাঁচ ফুটবলারকে। দলের নিয়মিত অধিনায়ক আব্দুল্লাহ ইকবাল ব্যস্ত ছিলেন ক্লাব ফুটবলে। সুইডিশ ক্লাব মিয়ালবির হয়ে খেলা এই সেন্টারব্যাক যোগ দেয়ায় রক্ষণভাগ শক্তিশালী হচ্ছে পাকিস্তানের। আরেক ডিফেন্ডার ইয়াসাহ সুলেমানকেও সেমিতে পাচ্ছে দল। যিনি খেলেন আজারবাইজানের ক্লাব এফকে-তে। এই দুই ডিফেন্ডার সেমিফাইনালে দুঃশ্চিন্তার কারণ হবেন হামজা-ফারহানদের।

আর মাঝমাঠের শক্তি বাড়াতে দলে যোগ দিয়েছেন মিডফিল্ডার আদিল নবী। সেইসাথে দলে যুক্ত হয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার আলি আকবার খান। যিনি খেলেন সুইডিশ লিগে।

শুধু তাই নয়, দলের আক্রমণভাগেও যোগ হচ্ছে বাড়তি শক্তি। ডেনমার্কের ক্লাব কোল্ডিং আইএফ এর ফরোয়ার্ড আব্দুল সামাদ যোগ দিয়েছেন দলের সঙ্গে। প্রথম দুই ম্যাচে তিন গোল করা নাজিব উল্লাহর সাথে আব্দুল সামাদের অন্তর্ভুক্তি চিন্তায় ফেলতে পারে তারেক কাজী-জিদান ইউসুফদের।

একদিকে বাংলাদেশের হামজা-শোমিতদের গোছানো ফুটবল অন্যদিকে পাকিস্তান দলে বিভিন্ন লিগে খেলা অভিজ্ঞ ফুটবলার, সব মিলিয়ে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল যে উত্তাপ ছড়াবে তা ধারণা করা যাচ্ছে আগে থেকেই।

এফএস