গতকাল (শনিবার, ১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল ও এপেক্স লেনজারি কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় দুই পাশে যান চলাচল।
পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। একপর্যায়ে মহাসড়ক থেকে সরে যায় পোশাক শ্রমিকরা।
এছাড়া বেতন বাড়ানোর দাবিতে কোনাবাড়ীতে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় সরে যান শ্রমিকরা। এমন পরিস্থিতিতে সাত থেকে আটটি কারখানায় ছুটি দেয়া হয়েছে।
সাভারে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পপুলিশ জানায়, সকালে অধিকাংশ পোশাক কারখানায় এসেছেন শ্রমিকরা।
তবে আশুলিয়ায় শ্রম আইন ২০০৬-এর ১৩-১ ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য ৩২টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধের নোটিশ পেয়ে কাজে যোগ দেননি এসব কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ, এসআরবি ও বিজিবিকে।
শুধু সাভারে নয়, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুরে মোতায়েন করা হয়েছে ৩৪ প্লাটুন বিজিবি।
গাজিপুর ও সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে নারায়নগঞ্জে।





