দিন দিন পচা বর্জ্য আর দুর্গন্ধের জলাশয়ে পরিণত হচ্ছে হাতিরঝিল। অথচ রাজধানীবাসীর কাছে এই স্থানটিই ছিল এক টুকরো বিনোদন ও স্বস্তির ঠিকানা। আশপাশের বাসিন্দারা বলছেন, তীব্র দুর্গন্ধে এখন আর আগের মতো হাতিরঝিলে মিলছে না স্বস্তি। আর যারা নিয়মিত ইঞ্জিনচালিত নৌকায় চলাচল করতেন, তারাও এখন এড়িয়ে চলছেন এই জলপথ।
এই জলপথ ব্যবহারকারীরা জানান, পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে এই জলপথ ব্যবহারের সময় তাদের অনেক সমস্যা হয়। এছাড়াও আশপাশের বাসাবাড়ি থেকে ময়লা এসে পড়ে হাতিরঝিলে অভিযোগ তাদের।
শুধু দূষণই নয়, হাতিরঝিলে এখন মাথাচাড়া দিয়ে উঠছে নিরাপত্তা সংকটও। সন্ধ্যার পর লেকের বিভিন্ন সংযোগ সড়ক ও নির্জন স্থানে বাড়ছে অপরাধীদের বিচরণ। ফলে স্বল্প আলো আর নজরদারির অভাবে সাধারণ পথচারী ও দর্শনার্থীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়।
পথচারী ও দর্শনার্থীরা জানান, রাত হলে নিরাপদে এই এলাকা দিয়ে চলাচল করা যায় না। তাছাড়া প্রায় সময় হয়ে থাকে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা।
সম্প্রতি রাজউকের সংগৃহীত পানির নমুনা পরীক্ষায় উঠে এসেছে এর ভয়াবহ চিত্র। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমছে আশঙ্কাজনকভাবে, ফলে ধ্বংস হচ্ছে জলজ প্রাণ। একই সাথে বাড়ছে পানি ঘোলাত্বের মাত্রাও।
পানি দূষণের কারণ হিসেবে ওয়াসাকে দুষলেন রাজউক। তাদের দাবি ১১টি পয়েন্টে ওয়াসার স্পেশাল স্যুয়ারেজ ডাইভারশন স্ট্রাকচার বিকল থাকায় বৃষ্টির পানির বদলে আশপাশের পয়ঃ, গৃহস্থালি ও শিল্পবর্জ্য সরাসরি ঢুকছে ঝিলে।
বিশেষ করে কারওয়ান বাজার, রামপুরা, বাড্ডা ও তেজগাঁওসহ বিভিন্ন অঞ্চলের অপরিশোধিত পয়োবর্জ্য দূষিত করছে পানি। তবে পানি দূষণ বন্ধ করতে সিটি করপোরেশন ও ওয়াসার সহযোগিতা পেলে আগামী ৩-৪ মাসের মধ্যে আসবে দৃশ্যমান অগ্রগতি।
ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসন ও অর্থ মো. শাহীনুর আলম বলেন, ‘ওয়াসা আর সিটি করপোরেশন পানির লাইনের কারণে হাতিরঝিলে ময়লা পানি এসে পড়ে। যার ফলে পানি থেকে দুর্গন্ধ ছড়ায়।’
বিশেষজ্ঞরা বলছেন, স্যুয়ারেজ লাইন বন্ধ করতে না পারলে ঝিলের পানি দূষণ রোধে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত উদ্যোগের পাশাপাশি নিরাপত্তা বাড়াতেও নজর দিতে হবে রাজউককে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘রাজউক যদি ওয়াসাকে দোষ দেয় তাহলে কীভাবে কি হবে। ফলে মূল স্থানটি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমন্বিতভাবে কোনো কাজ করার জন্য আমাদের প্রতিষ্ঠানগুলোর বোধোদয় শুরু হওয়া দরকার।’
পরিকল্পনা, বাজেট আর প্রতিশ্রুতির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দ্রুত ফিরিয়ে আনা হোক হাতিরঝিলের স্বাভাবিক পরিবেশ ও প্রাণ; কর্তৃপক্ষের কাছে এমনটাই চাওয়া রাজধানীবাসীর।





