তিনি বলেন, ‘সংসদ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার দায়িত্ব সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য— সবার। সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ কারও কাছ থেকে কাম্য নয়।’
গতকাল (রোববার, ১৫ নভেম্বর) জাতীয় সংসদে অধিবেশন পরিচালনাকালে সদস্যদের উদ্দেশে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনারা আমার চেয়ে কেউ কম বোঝেন না, বরং বেশি বোঝেন। সুতরাং এই সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না।’
তিনি আরও বলেন, ‘কোনো সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করলে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে। কারও বক্তব্যের জবাব দেয়ার প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট সদস্যদেরও কথা বলার সুযোগ দেয়া হবে।’
স্পিকার সংসদ সদস্যদের প্রতি আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, ‘প্রত্যেকেরই অন্যের বক্তব্য ধৈর্য ধরে শোনা উচিত। সংসদ সদস্যদের বাকস্বাধীনতা রয়েছে এবং এই স্বাধীনতা নিয়ে সবাই গর্বিত।’
তিনি আরও বলেন, ‘বাকস্বাধীনতা চর্চার ক্ষেত্রে কোনো সদস্যের মানসম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।’
স্পিকার বলেন, ‘সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব রয়েছে। সম্মিলিতভাবে সংসদের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’





