আইসিজের রায়ে চাপে পড়বে মিয়ানমার; বাড়বে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প
বিদেশে এখন
0

আইসিজের রায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলেও এটি কার্যকর হবে কি না তা নির্ভর করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর নির্ভর। তবে বিশ্লেষকরা বলেছেন, এর ফলে বৈশ্বিক অঙ্গনে কূটনৈতিক চাপের মুখে পড়বে মিয়ানমারের জান্তা সরকার। এছাড়া এতদিন মিয়ানমার রোহিঙ্গাদের ‘বহিরাগত’ বলে দাবি করলেও, এই রায় তার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল হিসেবে কাজ করবে বলেও অভিমত বিশ্লেষকদের। এছাড়া রায়টি আদালতে চলমান গাজা গণহত্যা মামলায় প্রভাব ফেলবে বলেও মত আইনজীবীদের।

দশ বছরের আইনি লড়াই শেষে এক ঐতিহাসিক রায়ের সাক্ষী হলো বিশ্ব। ২০১৯ সালে গাম্বিয়ার করা মামলায় রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। শুধু দোষী সাব্যস্তই নয়, রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের নির্দেশও দিয়েছেন আদালত।

তবে রায় ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন- এটি কি আদৌতে মানবে মিয়ানমার। রায় মানতে দেশটি আইনগতভাবে বাধ্য হলেও আদালতের নিজস্ব কোনো আইন প্রয়োগকারী বাহিনী নেই। তাই রায় কার্যকর হবে কি না তা নির্ভর করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর নির্ভর।

তবে আইসিজের রায় কার্যকরে মিয়ানমার অস্বীকৃতি জানালেও দোষ এড়ানোর কোনো সুযোগ নেই দেশটির জান্তা সরকারের কাছে। কেননা আইসিজের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে না মিয়ানমার। আর এই ঐতিহাসিক রায়ে মিয়ানমারের জান্তা সরকার বৈশ্বিক অঙ্গনে কূটনৈতিক চাপের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মারিকে ডি হুন বলেন, ‘আদালত গণহত্যা বিষয়ে প্রকৃত রায় দেয়ার সুযোগ খুব কমই পায়। তবে এবার প্রথমবারের মতো আইসিজে জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য একটি রাষ্ট্র দায়ী করেছেন। এর ফলে রোহিঙ্গাদের একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার পথও অনেকটা প্রসারিত হয়েছে। আর দিন শেষে এটাও প্রমাণিত হলো, গণহত্যা কনভেনশন মৃত নয়।’

এছাড়া এতদিন মিয়ানমার রোহিঙ্গাদের ‘বহিরাগত’ বলে দাবি করে আসলেও রায়ে রোহিঙ্গাদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছেন আদালত। তাই প্রত্যাবাসনের প্রশ্ন আসলেই রোহিঙ্গাদের ‘বহিরাগত’ ট্যাগ লাগিয়ে দায় এড়ানোর যে কৌশল অবলম্বন করত জান্তা সরকার; তা এখন কঠিন হয়ে দাঁড়াবে। পাশাপাশি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রশ্নে মিয়ানমারকে কূটনৈতিক চাপ বাড়াবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

আর এই রায় আইসিজেতে চলমান গাজা গণহত্যা মামলাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

মারিকে ডি হুন বলেন, ‘এই রায় অন্যান্য গণহত্যা মামলা বিশেষ করে গাজায় ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলায় প্রভাব ফেলবে। সামরিক উদ্দেশ্যে হামলার যে ন্যারেটিভ উত্থাপন করতো অভিযুক্তরা; তা এই রায়ের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে।’

এদিকে আইসিজের দেয়া রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। আর রায়কে স্বাগত জানিয়েছে গাম্বিয়া।

এদিকে রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই লন্ডনে অবস্থিত মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে বা সামরিক কূটনৈতিক প্রতিনিধিকে বহিষ্কার করে যুক্তরাজ্য।

এসএস