জানা যায়, আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই অনয়। তিনি বলেন, ‘নিহত মোস্তফার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।’
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে তাকে নাগদারপাড়, পেট্রোল পাম্পের বিপরীত পাশে ওয়ার্কশপের ভিতর মারধর করে হত্যা করা হয়েছে।
নিহতের বোন জুলেখার অভিযোগ, ভোরবেলা মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নগদারপাড় ওয়ার্কসপে নিয়ে যায়। পরবর্তীতে ওয়ার্কশপের ভিতরে হোসেন ও তার লোকজন, ইউনুস খানসহ অজ্ঞাত চার-পাঁচ জন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করে। মারধরের এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে সেখান থেকে পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি বলেন, ‘৫-৬ বছর আগে আমাদের সঙ্গে হোসেনের বিরোধ হয়। সে সময়ে হোসেন তার লোকজন নিয়ে আমাদের সবাইকে মারধর করেন এবং আমাদের নামে মামলা দেয়। ওই মামলা এখনো চলমান, হাজিরা দিয়ে যাচ্ছি। সে সময়ে আমরা মাছ ধরার জন্য একটি ডোবা কিনি। কিন্তু হোসেন সেটি থেকে মাছ ধরতে দেয়নি। এ নিয়ে বিরোধ হয়, পরে মামলা।’
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে বলে জানা গেছে।





