জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুসরণ করে গত ১৪ নভেম্বর জারি করা জয়েন্ট সার্ভিসেস ইনস্ট্রাকশনস (জেএসআই) ০১/২০২৬-এ বেতন পুনর্নির্ধারণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ১৫ নভেম্বর এটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।
৮৪ পৃষ্ঠার গেজেট অনুযায়ী, নিয়মিত সৈনিকদের মূল বেতন ১৯টি ধাপে ২১ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত হবে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনস্ট্যাবুলারিতে (এমওডিসি) কর্মরত সৈনিকদের শুরুর মূল বেতন আলাদাভাবে ২১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামোতে ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৪ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেনরা নির্ধারিত মূল বেতন হিসেবে যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ টাকা ও ৮৫ হাজার ৭৮০ টাকা পাবেন। নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে।
২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যোগ্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। অন্যদিকে, সৈনিক, সার্জেন্ট ও নির্দিষ্ট নিম্নপদস্থ সদস্যরা পাবেন বর্ধিত বেতনের ৫০ শতাংশ।
২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ হার যথাক্রমে ৭০ ও ৭৫ শতাংশে উন্নীত হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে সম্পূর্ণ সংশোধিত মূল বেতন কার্যকর হবে। এ ক্ষেত্রে নির্ধারিত শতাংশ শুধু আগের মূল বেতনের তুলনায় বাড়তি অংশের ওপর প্রযোজ্য হবে।
বিদ্যমান ভাতার কাঠামো সাধারণভাবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সংশোধিত ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। নতুন কাঠামোতে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি যোগ্য সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। এ সুবিধা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এ ছাড়া নির্দিষ্ট স্থাপনায় কর্মরত যোগ্য কর্মকর্তারা মাসে ২ হাজার টাকা প্রতিরক্ষা ঝুঁকি ভাতা পাবেন। নির্ধারিত হাওর, দ্বীপ ও চরাঞ্চলে কর্মরত কর্মকর্তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়া হবে। তবে এ ভাতার সর্বোচ্চ পরিমাণ হবে ৫ হাজার টাকা। অবসরপ্রাপ্ত সদস্যদের ন্যূনতম নিট মাসিক পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
২০২৮ সালের জানুয়ারি থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের বয়স অনুযায়ী মাসিক চিকিৎসা ভাতাও নির্ধারণ করা হয়েছে। ৫০ বছর পর্যন্ত বয়সীদের জন্য এ ভাতা ৩ হাজার টাকা। ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়সীদের জন্য ৪ হাজার টাকা, ৬০ বছরের বেশি থেকে ৭০ বছর বয়সীদের জন্য ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীদের জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।—বাসস





