হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

ফাইল ছবি
স্বাস্থ্য
দেশে এখন
0

সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন ও রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকা ও সিলেটে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছে।

নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন ও সিলেট বিভাগে ২৫ জন রয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২০৮ জন ও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৩৯ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩০০ জন। এ সময়কালে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন ও নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হামরোগী। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।

এএইচ