ভোটকেন্দ্র দখল করতে আসলে আরেকটি ‘৫ আগস্ট’ ঘটবে: নাহিদ ইসলাম

কথা বলছেন নাহিদ ইসলাম
এখন জনপদে
রাজনীতি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ জনগণের হাতে এবং ঢাকার মাধ্যমে হবে। দিল্লির তাঁবেদারি করে যারা রাজনীতি করেছে বা নতুন করে সেই রাজনীতি চালু করতে চায়, তাদের বাংলাদেশে আর কখনো রাজনীতি প্রতিষ্ঠিত হবে না। প্রয়োজনে ভোটাধিকার রক্ষায় জীবন দিতে হবে। ভোটকেন্দ্র দখল করতে গেলে বাংলাদেশের ইতিহাসে আরেকটি ‘৫ আগস্ট’ ঘটবে।

আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকালে সাভার পৌরসভার ডগড়মোড়া এলাকার মাতৃবাগান মসজিদ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর যারা চাঁদাবাজি শুরু করেছে, পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করেছে, লাশের রাজনীতি করে ফায়দা লুটতে চায়—তাদের রুখে দিতে হবে। যাদের বিদেশি আধিপত্য কায়েম করতে চাওয়া বা নতুন ফ্যাসিস্ট হয়ে ওঠা লক্ষ্য, তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া ওসমান হাদির বিচার কার্যকর করতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘ভোটের অধিকার রক্ষাই গণতন্ত্রের মূল শক্তি। জনগণ পরিবর্তন, সংস্কার ও ইনসাফ চায়। ৫ আগস্টের পর নতুন করে চাঁদাবাজি, জমি দখল ও নির্যাতনের ঘটনা ঘটেছে। আগামী ১২ ফেব্রুয়ারি সেই সব জালেমদের পরাজিত করার দিন।’

আরও পড়ুন:

জনসভায় আরও বক্তব্য দেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, সাভার উপজেলা এনসিপির সমন্বয়ক মো. জুলকারনাইনসহ অন্যান্য রাজনৈতিক নেতারা।

১১ দলীয় জোটের সমর্থকরা বলেন, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য সৎ ও জনবান্ধব নেতৃত্বকে নির্বাচিত করাই এখন সময়ের দাবি।

এনএইচ