কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ-সড়ক অবরোধ

পদবঞ্চিতদের বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
এখন জনপদে
রাজনীতি
1

কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। আজ (রোববার, ৩ মে) রাত ৮টায় গুমগাছতলা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

জানা যায়, এর আগে গতকাল (শনিবার, ২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কক্সবাজার জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে ফাহিমুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ সাঈদ আনোয়ারের নাম আসে। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা, পদবঞ্চিত নেতাকর্মীরা প্রকাশ করেন অসন্তোষ।

এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় পদবঞ্চিত নেতারা সংবাদ সম্মেলন করেন। পরে মিজানুল আলমের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের গুমগাছতলা এলাকায় সড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন:

এসময় তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত নেতাদের মূল্যায়ন করা হয়নি, বরং অযোগ্য ও সুবিধাভোগীদের প্রাধান্য দেয়া হয়েছে।

বিক্ষোভকারীরা দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করলেও তাদের বাদ দিয়ে যে কমিটি করা হয়েছে, তা সম্পূর্ণ অন্যায় ও বৈষম্যমূলক।

সড়কে টায়ার জ্বালানোর ফলে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিক্ষোভ শুরুর প্রায় ৫ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

এসএইচ