লক্ষ্মীপুরে গণমিছিলে বিএনপি-জামায়াতকর্মীর মৃত্যু

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর হাসপাতাল
এখন জনপদে , সংসদ নির্বাচন
রাজনীতি
1

লক্ষ্মীপুরে নির্বাচনি আলাদা গণমিছিলে এসে আব্দুস সহিদ (৬০) ও ওবায়দুল হক (৪৫) নামের দু’জন মারা গেছেন। এর মধ্যে সহিদ জামায়াতে ইসলামীর কর্মী ও ওবায়দুল বিএনপির কর্মী বলে জানা গেছে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তারা মারা যান।

মৃত সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও অপর মৃত ওবায়দুল একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল ছিল। মিছিলে আসার পথে জামায়াত কর্মী সহিদ অসুস্থ হয়ে পড়েন।

পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণমিছিল হয়। এতে বিএনপিকর্মী ওবায়দুল অসুস্থ হয়ে পড়ে। পরে ওবায়দুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, ‘সহিদ মিছিলে আসার পরে অসুস্থ মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি।’

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ‘ওবায়দুল আমাদের দলের কর্মী। সে নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেছিল। একপর্যায়ে অসুস্থ হয়ে সে মারা যায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও অরুপ পাল বলেন, ‘আলাদা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

এসএস