বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে নাসের হুসেইন, আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন!

ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাসের হোসাইন
ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপে খেলতে না যাওয়া ইস্যুতে আরও এক কিংবদন্তি ক্রিকেটারকে পাশে পেয়েছে বাংলাদেশ। আইসিসি সবাইকে সমান নজরে দেখছে না বলে অভিযোগ করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেইন। ভারত হলে ব্যাপারটা অন্যরকম হতো বলেও মনে করেন তিনি। ক্রিকেটের স্বার্থে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান এ ইংলিশ কিংবদন্তির।

গত শনিবার শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে, ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া এবারের আসরে খেলছে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তানও। এ ইস্যুতে মুখ খুলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।

স্কাই স্পোর্টসের এক পডকাস্টে মাইকেল আথারটনকে শুরুতেই এ সংকটের পেছনের কারণ মনে করিয়ে দেন নাসের।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেইন বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে, এ সাম্প্রতিক সংকটের শুরুটা কোথায়। মুস্তাফিজুর রহমান আইপিএলে কলকাতার স্কোয়াডে ছিলো। হঠাৎ করেই বিসিসিআই বলে বসলো, ‘না, চলমান বাংলাদেশ-ভারত পরিস্থিতির কারণে আমরা তাকে ওই স্কোয়াড থেকে সরিয়ে নিচ্ছি।,

বাংলাদেশের সঙ্গে যেমনটা করা হয়েছে, ভবিষ্যতে ভারতের ক্ষেত্রেও আইসিসি ঠিক একই আচরণ করবে কি না-তা নিয়েও প্রশ্ন তোলেন নাসের। সবাইকে সমানভাবে দেখতে আইসিসির প্রতি আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন:

সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘ভবিষ্যতে যদি এমন হয়। যে কোনো টুর্নামেন্টের এক মাস আগে ভারত সরকার বলে দেয় যদি এমন হয় তারা চায় না, আমরা ওই দেশে বিশ্বকাপ খেলি, তাহলে কি আইসিসি সত্যিই এতটা কঠোর থাকবে এবং বলবে, ‘নিয়ম তো নিয়মই। দুঃখিত, আমরা তোমাদের বাদ দিচ্ছি? এ প্রশ্নটাই আসল। সব পক্ষ শুধু একটাই জিনিস চায়-ধারাবাহিকতা। বাংলাদেশকে যেভাবে মূল্যায়ন করা হবে, পাকিস্তানকেও ভারতকে সেভাবেই করতে হবে।’

সংকট নিরসনে ভারতীয় ক্রিকেট বোর্ড ও সমর্থকদের আরও দায়িত্ববান হওয়া উচিত বলে মনে করেন সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।

নাসের হুসেইন আরও বলেন, ‘আপনি যদি বারবার বাংলাদেশ বা পাকিস্তানকে কোণঠাসা করেন, তাহলে তাদের ক্রিকেট দুর্বল হয়ে পড়বে। এর ফলে অতীতে আমরা যে দারুণ ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশ ম্যাচগুলো দেখেছি, সেগুলো একপেশে হয়ে যাবে। এখন ভারতীয় সমর্থকরা বলবেন, আরও কাঁদো, আমাদেরই তো টাকা। কিন্তু ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে।’

বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে মুখ খুলছেন অনেক সাবেক ক্রিকেটার। সেই তালিকায় এবার নাসের হুসেইনকেও পাশে পেল টাইগাররা।

জেআর