আজ (বুধবার, ১১ মার্চ) দুপুরে টসের পর মাঠে আসেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এসময় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এর কিছুক্ষণ বাদে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে আজ (বুধবার, ১১ মার্চ) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যান জাইমা রহমান। বিসিবি অফিসের সামনে তাকে ফুলেল অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এসময় বিসিবি কর্তারাও উপস্থিত ছিলেন।
জাইমা যখন মাঠে এসে উপস্থিত হন, তখন বাংলাদেশ-পাকিস্তানের টস হয়ে গেছে। টস জিতে স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে রাখা হয়েছে নাহিদ রানাকে। মিরাজের সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন রিশাদ হোসেন।
দীর্ঘ চার মাস বিরতির পর ওয়ানডে ফরম্যাটে আজ মাঠে নামে টিম টাইগাররা। দিনশেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে বোলিংয়ে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
আরও পড়ুন:
এরপর ১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয় বাংলাদেশ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইফতারের আগেই ম্যাচ শেষ করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় স্বাগতিকরা। সন্ধ্যা ৬টা ৭ মিনিটে ইফতারের আজান হওয়ার সময়ই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।





