মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসনের অন্তত ছয়জন শীর্ষ কর্মকর্তা বর্তমানে ওয়াশিংটন ডিসির সামরিক আবাসনে বসবাস করছেন। অতীতের প্রেসিডেন্টদের মেয়াদে কোনো জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তার সামরিক ঘাঁটিতে বসবাসের ঘটনা ছিল বিরল। সেই হিসাবে বর্তমান প্রশাসনের এতসংখ্যক কর্মকর্তার সামরিক ঘাঁটিতে অবস্থান একটি নজিরবিহীন ঘটনা।
যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি বৈরী শক্তিগুলোর নতুন হুমকির মুখে এই প্রবণতা জোরালো হয়েছে। চলতি মাসে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটনে তথাকথিত ডার্টি বম্ব বা তেজস্ক্রিয় বিস্ফোরক কিংবা রাসায়নিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে রিপাবলিকান বা ডেমোক্র্যাট যে দলই ক্ষমতায় আসুক না কেন, শীর্ষ নেতৃত্বের জন্য সুরক্ষিত সামরিক কম্পাউন্ডে বসবাসের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এর ফলে সাধারণ নাগরিকদের মাঝে বেসামরিক নেতাদের বসবাসের দীর্ঘদিনের গণতান্ত্রিক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন তারা।
ওয়াশিংটনকে অনিরাপদ দাবি করে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন, হোয়াইট হাউসে বিশাল নতুন বলরুম নির্মাণ এবং একটি সরকারি গলফ কোর্স নতুন করে সাজানোর মাধ্যমে রাজধানীতে নিজের ছাপ ফেলতে কাজ করছেন ট্রাম্প। অথচ তার প্রশাসনই আগের যেকোনো সময়ের তুলনায় শহরের সাধারণ মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক টমাস কান বলেন, ‘যখন তারা এ ধরনের পদে থাকেন, তখন এমনিতেই নিরাপত্তারক্ষীদের বেষ্টনী এবং এক অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠানে বা বাসায় দ্রুত যাতায়াতের কারণে তারা একধরনের বিচ্ছিন্ন বলয়ের মধ্যে থাকেন। কিন্তু এখন আরও নাটকীয় বিষয় হলো, আমাদের বেশিরভাগ মানুষ যে ধরনের এলাকায় বসবাস করেন, তারা সেখানেও থাকছেন না।’
টমাস কান বলেন, ‘এটি সরকারি কর্মকর্তাদের বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে তুলছে এবং বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
তবে ওয়াশিংটন ডিসিতে অপরাধের হার কমে আসার দাবি করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির কারণে মন্ত্রিসভার এই সদস্যদের অনেকে শহরে বসবাস করতে না পারলেও রাজধানীকে নিরাপদ ও সুন্দর করার সরকারি প্রচেষ্টায় তারা ব্যক্তিগতভাবে অবদান রেখেছেন।
সামরিক আবাসনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্তদের বসবাসের বিষয়টি ডেমোক্র্যাট দলীয় কয়েকজন আইনপ্রণেতার নজরদারিতে এসেছে। কোন ধরনের হুমকির কারণে তারা সেখানে উঠেছেন, এর আইনি ভিত্তি কী এবং বাড়িভাড়া বাবদ কত খরচ হচ্ছে—এসব তথ্য উল্লেখ করে চলতি বসন্তের মধ্যে হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে প্রতিবেদন জমা দিতে পেন্টাগনকে নির্দেশ দেয়া হয়েছে।
কমিটি থেকে এই তদন্তের অনুমোদন আদায়কারী ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস বলেন, সামরিক সদস্যদের জন্য নির্ধারিত আবাসনে বসবাসকারী রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা বাজারমূল্য অনুযায়ী ন্যায্য ভাড়া দিচ্ছেন কি না, তা নিশ্চিত করতে তদন্ত হওয়া জরুরি।
সামরিক আবাসনে স্থানান্তরিত হওয়া মন্ত্রিসভার সর্বশেষ সদস্য হলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। সম্প্রতি তিনি জর্জটাউনের বিলাসবহুল বাসভবন ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে উঠেছেন। ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। চলতি মাসের শুরুর দিকে সিএনবিসির স্কোয়াকবক্স অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, ইরানের পক্ষ থেকে জীবননাশের হুমকির কারণেই তিনি বাসস্থান বদলাতে বাধ্য হয়েছেন। ইরানি নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বেসেন্ট বলেন, ‘আমি ভীত হব না। তারা আমাকে এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। আমরা এতে ভীত হব না।’
সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকেও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে। তার পূর্বসূরি প্যাম বন্ডিও গত বছর একটি সামরিক ঘাঁটিতে বসবাস করেছিলেন।
বিদেশি হুমকির পাশাপাশি রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড এবং অন্যান্য বিশ্বাসযোগ্য হুমকির পর অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার আশঙ্কায়ও অনেক কর্মকর্তা সুরক্ষিত সামরিক আবাসনে চলে গেছেন। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার স্ত্রী কেটি মিলার চার সন্তানকে নিয়ে গত বছর ভার্জিনিয়ার বাসা ছেড়ে সামরিক আবাসনে ওঠেন। তাদের বাসার বাইরে এক নারীর বিক্ষোভ এবং বাসার ঠিকানা সংবলিত প্রচারপত্র বিতরণের পর তারা এই সিদ্ধান্ত নেন। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, মিলার দম্পতির বাসভবন লক্ষ্য করে সুপরিকল্পিতভাবে নজরদারি, ব্যক্তিগত ঠিকানা ফাঁস এবং হুমকির প্রচারাভিযান চালানোর কারণেই তারা স্থানান্তরিত হয়েছেন।
সামরিক ঘাঁটির এসব বাসভবনে থাকার জন্য কর্মকর্তাদের সাধারণত মাসে সাড়ে ৪ হাজার ডলারের বেশি ভাড়া গুনতে হয়। তবে ফোর্ট ম্যাকনেয়ার ঘাঁটিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বাসভবন মেরামত ও সংস্কারের জন্য সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার খরচের প্রস্তুতি নিচ্ছে—গত বছর এমন তথ্য প্রকাশ্যে আসার পর আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েন তিনি।
সামরিক আবাসনের এই ভাড়ার হার আংশিকভাবে নির্ধারিত হয়েছে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার আমলের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময়ে তৈরি হওয়া এক নজিরের ভিত্তিতে। প্রথম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রবার্ট গেটস পররাষ্ট্র দপ্তরের পাশে নেভি হিলে ১৯ শতকের একটি ঐতিহাসিক ও প্রশস্ত সামরিক বাসভবনে উঠেছিলেন। তৎকালীন ফেডারেল আইন অনুযায়ী, সামরিক ঘাঁটির বাসা ভাড়া নেয়া যেকোনো বেসামরিক ব্যক্তিকে স্থানীয় বাজারমূল্যের সমপরিমাণ ভাড়া পরিশোধ করতে হতো। এতে গেটসের মাসিক ভাড়া দাঁড়িয়েছিল সাড়ে ৬ হাজার ডলারের বেশি।
২০০৮ সালে পেন্টাগন এই ভাড়া কমানোর জন্য আইন সংশোধনের যুক্তি দেয়। পেন্টাগন জানায়, কোনো বেসামরিক বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী মোতায়েন ও নিরাপত্তা সরঞ্জাম বসানোর চেয়ে সামরিক ঘাঁটির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করলে করদাতাদের অর্থ সাশ্রয় হয়। কংগ্রেস এতে সম্মতি দেয়ার পর থেকে প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালদের প্রদেয় ভাড়ার চেয়ে মাত্র ৫ শতাংশ বেশি হারে সামরিক আবাসন ভাড়া নেয়ার সুযোগ পান।
রবার্ট গেটসের পর ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস প্রথম মন্ত্রিসভার সদস্য হিসেবে নৌবাহিনীর ওই আবাসনে ওঠেন। এরপর ২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই আবাসনে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু সিএনএনের হাতে আসা নৌবাহিনীর তৎকালীন এক অভ্যন্তরীণ নথিতে দেখা যায়, আবাসন সংকটের মধ্যে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অপেক্ষমাণ তালিকা থাকা অবস্থায় একজন বেসামরিক পররাষ্ট্রমন্ত্রীর জন্য সামরিক কর্মকর্তাকে সরিয়ে দেয়া তথ্যগত, আইনি, আর্থিক ও নৈতিকভাবে সমস্যাজনক হতে পারে বলে মত দেয়া হয়েছিল। শেষ পর্যন্ত পম্পেও ভার্জিনিয়ার ফোর্ট মায়ার সামরিক ঘাঁটির আবাসনে বসবাস করেছিলেন।
আট বছর আগে যা সমস্যাজনক মনে করা হয়েছিল, ট্রাম্পের বর্তমান মেয়াদে তা রীতিমতো সাধারণ প্রবণতায় পরিণত হয়েছে। পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মোহনায় অবস্থিত ফোর্ট ম্যাকনেয়ার ঘাঁটির জেনারেলস রো নামে পরিচিত এলাকায় প্রতিবেশী হিসেবে বসবাস করছেন স্টিফেন মিলার দম্পতি, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সাধারণত উচ্চপদস্থ জেনারেলদের জন্যই এই বাসভবনগুলো সংরক্ষিত থাকে।
চলতি বছরের শুরুর দিকে কেটি মিলারের পডকাস্টে অংশ নিয়ে মার্কো রুবিও ও তার স্ত্রী জানান, একবার তাদের গোল্ডেনডুডল জাতের একটি কুকুর ভুল করে দৌড়ে পিট হেগসেথের বাসার সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়েছিল। রুবিও হাস্যরস করে আরও বলেন, ‘এর উল্টো দিকটা হলো পিটের একটি বিড়াল। প্রায়ই রাতে বাসায় ফিরে দেখি বিড়ালটি আমার বারান্দায় বসে এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকে, যেন জিজ্ঞেস করছে—তুমি আমার বাসায় কী করছ? অথচ ওর বাসা দুই ঘর পরে।’
ফোর্ট ম্যাকনেয়ার ঘাঁটি পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে অধ্যাপক টমাস কান বলেন, ভেতরে একটি দোকান ও ওয়াশিংটনের অন্যতম সেরা টেনিস কোর্ট নিয়ে ঘাঁটিটি নিজের ভেতরেই আলাদা এক জগৎ। চারপাশ পুরোপুরি দেয়ালঘেরা হওয়ায় সেখানে এক পরাবাস্তব পরিবেশ বিরাজ করে। সরকারি কর্মকর্তাদের ওপর ক্রমবর্ধমান হুমকি তাদের সাধারণ সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং দুর্ভাগ্যজনকভাবে ভবিষ্যতে এটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অবশ্য সামরিক আবাসনে থাকার কিছু অসুবিধাও রয়েছে। ওয়াশিংটনের সামরিক আবাসনে বসবাস করা এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, বাসভবনগুলো প্রশস্ত হলেও এতে বিলাসিতার কিছু নেই। শতবর্ষী পুরোনো এসব সামরিক বাড়ি কেবল বসবাসের কাজ চালানোর মতো।





