স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ম্যাচের আয়োজন বিসিবির

স্বাধীনতা দিবস উপলক্ষে লাল ও সবুজ দলের মধ্যে ম্যাচ আয়োজন করেছে বিসিবি
ক্রিকেট
এখন মাঠে
1

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছেন দেশের সাবেক ক্রিকেটাররা। মিরপুরে লাল ও সবুজ দু’টি দলে বিভক্ত হয়ে ব্যাট-বলের লড়াইয়ে নামবেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাকরা। এরই মধ্যে দুই দলের স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রতিটি বাংলাদেশির জন্যই গর্বের এক দিন ২৬ মার্চ। ১৯৭১ সালের এ দিনেই যে বিশ্ব মানচিত্রে জন্ম হয়েছিল নতুন এক দেশের। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পরবর্তী নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জিত হয় চূড়ান্ত বিজয়।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরই সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে আসছে বিসিবি। তারই ধারাবাহিকতায় এবারও লাল ও সবুজ নামে দুই দলে ভাগ হয়ে খেলতে নামছেন সাবেক ক্রিকেটাররা।

আরও পড়ুন:

এরই মধ্যে দুই দলের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। সবুজ দলে আছেন শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর, হান্নান সরকার, তুষার ইমরান, বিদ্যুৎ, আব্দুর রাজ্জাক, তালহা জোবায়েরদের মতো তারকারা।

অন্যদিকে লাল দলের হয়ে মাঠ মাতাবেন মোহাম্মদ আশরাফুল, অপি, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট ও ইলিয়াস সানিসহ অন্যান্যরা।

এবারের প্রীতি ম্যাচে খেলছেন না হাবিবুল বাশার, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খানদের মতো তারকারা। তবুও বেশ জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় শুরু হবে বিশেষ এ ম্যাচটি।

এসএইচ