জল্পনা-কল্পনা ছাপিয়ে কাল মাঠে গড়াচ্ছে ডিপিএল

ডিপিএলের দলগুলোর অধিনায়কদের নিয়ে ট্রফি উন্মোচন
ক্রিকেট
এখন মাঠে
0

নানা নাটকীয়তা ও অপেক্ষার পালা শেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। ‘লিস্ট এ’ ফরম্যাটের দেশের সবচেয়ে আকর্ষণীয় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মোট ৬টি ভেন্যুতে। যেখানে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ১২টি দল। তবে সুপার লিগ ও রেলিগেশন লিগ ছাড়াই অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট।

ডিপিএলের এবারের আসর নিয়ে মাত্র এক মাস আগেও ছিলো শঙ্কা। তবে সংকট পেছনে ফেলে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাড-হক কমিটির অধীনে অবশেষে মাঠে গড়াচ্ছে দেশের লিস্ট এ ক্রিকেটের সেরা এ টুর্নামেন্ট।

ঐতিহ্যবাহী আবাহনী-মোহামেডান ছাড়াও এবারের ডিপিএলে খেলছে ঢাকা লিওপার্ডস, সিটি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, লেজেন্ডস অব রুপগঞ্জ, রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১২ দলের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে আগামীকাল (সোমবার, ৪ মে)।

ডিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। এবারও শিরোপা ধরে রাখার মিশনেই দলটি মাঠে নামবে বলে জানিয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে, ডিপিএলে অনেক বছর শিরোপার দেখা না পেলেও এবার জিততে আত্মবিশ্বাসী মোহামেডান।

মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আবাহনী-মোহামেডান এ দলগুলো সবসময় শিরোপার কথাই চিন্তা করে। তাই আমরা আশাবাদী এবং আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে ওই আত্মবিশ্বাসটা আছে যে, আমরা এই লিগে ভালো করতে পারবো ইনশাআল্লাহ।’

আরও পড়ুন:

মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয় বলেন, ‘কাগজে কলমে ভালো দল অনেকগুলোই আছে। আমাদের দলটাও ওভারঅল ভালো হয়েছে। তবে দিন শেষে মাঠে যে দল ভালো করতে পারবে, ফলটা তাদের দিকেই যাবে।’

এবারের ডিপিএল মোট ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ ছাড়াও খেলা হবে পিকেএসপি, বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেটার্স অ্যাকাডেমি ও ইউল্যাব মাঠে। তবে আন্তর্জাতিক ব্যস্ততা না থাকা সাপেক্ষে মিরপুরেও ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সিসিডিএম।

এবারের ডিপিএলে থাকছে না সুপার লিগ ও রেলিগেশন লিগ। টেবিলের তলানীতে থাকা দুই দল নেমে যাবে প্রথম বিভাগে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে দলগুলো। ১১টি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল জিতবে শিরোপা।

আগামী ১১ জুন পর্যন্ত ডিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতি ম্যাচের মাঝে বিরতি রাখা হয়েছে দুই দিন। যার মাঝে প্রথম দিন বিবেচিত হবে ‘রিজার্ভ ডে’ হিসেবে। চ্যাম্পিয়ন হতে সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়েই নামছে দলগুলো। মোট ৬৬ ম্যাচের লড়াই শেষে কে জেতে শিরোপা— সেটিই এখন দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটভক্তরা।

এসএইচ