বিসিবি নির্বাচন বন্ধে আদালতে রিট, আইসিসির দিকেও তাকিয়ে সাবেক পরিচালকরা

বিসিবির লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে উত্তাপ না থাকলেও আদালতে সাড়া ফেলেছে বিসিবি নির্বাচন। নির্বাচন বন্ধে আদালতে রিট করেছেন সাবেক ৬ কাউন্সিলর। সাবেক পরিচালকরা বলছেন, অবৈধ প্রক্রিয়ায় গঠিত অ্যাড-হক কমিটির অধীনে নির্বাচন ঠেকাতে আদালতের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পর্যবেক্ষক দলের দিকে তাকিয়ে আছেন তারা। অন্যদিকে বিসিবি বলছে, রিট করে থামানো যাবে না নির্বাচন।

অনেকটা ধরাবাঁধা ছকেই এগোচ্ছে ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালকের নির্বাচিত হওয়ার খবর পুরোনো। গুঞ্জন আছে, ৭ জুন বাকি পদগুলোতেও খুব একটা প্রতিযোগিতা দেখা যাচ্ছে না।

তবে নিষ্প্রাণ নির্বাচনে যেন প্রাণ ফেরাচ্ছেন সাবেক পরিচালকরা। জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালক কমিটি ভেঙে দেয়ার পর থেকেই দফায় দফায় আদালতে গিয়েছেন তারা। সবশেষ মঙ্গলবার নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন সাবেক ৬ কাউন্সিলর।

বিসিবির একাধিক সাবেক পরিচালক এখন টিভিকে জানিয়েছেন, সাবেক কাউন্সিলরদের এ রিট নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। সেই সঙ্গে, বাংলাদেশে অবস্থানরত আইসিসি পর্যবেক্ষক দলের প্রতিও আস্থা রাখতে চান কেউ কেউ৷

এদিকে রিটকারী আরমানুল ইসলাম নয়ন মুঠোফোনে এখন টিভিকে জানান, অন্যায়ভাবে কাউন্সেলরশিপ বাদ দেয়ার প্রতিবাদে রিট করেছেন তারা। অ্যাডহক কমিটি গঠনকে আইসিসির আইনেও অবৈধ উল্লেখ করেছেন বান্দরবান জেলার সাবেক এ বিসিবি কাউন্সিলর।

আরও পড়ুন

সাবেক বিসিবি কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন বলেন, ‘আমাদের চার বছর আগে কেন আমাদেরকে বাদ দেয়া হইলো? এনএসসিতেও নাই, অ্যাডহক কমিটি এবং আইসিসিতেও নাই। তাহলে তারা কোন যুক্তিতে আমাদের ক্রিকেট বোর্ডের কমিটিতে ভাঙলো? আমরা নিজেদের কাউন্সিলরশিপ ফিরে পাওয়ার জন্যই মূলত আমরা এটা করছি।’

যদিও রিট করে নির্বাচন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান। সেইসঙ্গে এসব রিটে ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য তার।

বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান বলেন, ‘নির্বাচন আসলে বাধাগ্রস্ত হবে না। আমাদের যে মেইন ক্রিকেট অথোরিটি আইসিসি, এ আইসিসি আমাদের মেইন রেভিনিউ জেনারেটিং বডি—এদেরকে আসলে, তারা তো বিদেশে থাকে, তারা তো আসলে আমাদের দেশের কালচারটা পুরোপুরি বোঝে না। সে কারণে তারা কনফিউজ হয়ে যাচ্ছে।’

এদিকে গতকাল (মঙ্গলবার, ২ জুন) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আইসিসির দুই প্রতিনিধি ড. মোহাম্মদ মুসাজি ও তাভেনগুয়া মুকুলানি। আসন্ন বিসিবি নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। যদিও গণমাধ্যমে এখনই কিছু প্রকাশ করতে রাজি হয়নি কোনোপক্ষই।

জেআর