হারারেতে আজ টাইগারদের ‘বাঁচা-মরার’ লড়াই

হারারেতে বাংলাদেশ ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

টেস্টের পর সিরিজের প্রথম ওয়ানডেতেও ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার সঙ্গী হয়েছিলো বাংলাদেশের। তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে হারারেতেই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংও হার এড়াতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৪২ রানের ছোট্ট টার্গেটও পার করতে পারেনি টাইগার ব্যাটাররা। টেস্টের দুই ইনিংসের হতাশার পর ওয়ানডেতেও ব্যাটারদের ছন্দহীনতা বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজের দলের জন্য।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার আগে অনুশীলনে তাই বেজায় ব্যস্ত টাইগাররা। কেননা সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিভাগকেই ঘুরে দাঁড়াতে হবে। অভিজ্ঞ সৌম্য সরকারের কণ্ঠে সেই প্রত্যয়ের সুর।

বাংলাদেশ দলের ব্যাটার সৌম্য সরকার বলেন, ‘আমরা টিম হিসেবে প্র্যাকটিস করেছি। আশা করবো ব্যাটসম্যানরা সবাই ঘুরে দাঁড়াবে। ফার্স্ট ম্যাচটা আমাদের হারতে হয়েছে, এখনও দুইটা ম্যাচ আছে, চাইব এ ম্যাচগুলো যেন আমরা জিততে পারি।’

যদিও ব্যাটারদের দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে, জিম্বাবুয়ের বাড়তি বাউন্স, বড় বাউন্ডারি এবং স্বাগতিক পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে মানিয়ে নিতেই ভুগছেন বাংলাদেশের ব্যাটাররা।

জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘বাংলাদেশে যখন খেলি, দেখা যায় বাউন্ডারির সাইজটা থাকে ৬০-৬৫। কিন্তু এ জায়গার বাউন্ডারিটা ছিলো অলমোস্ট ৭৫-৭৩। এ জায়গাটাতেই আমাদের এডজাস্টমেন্টটা করতে পারিনি। জিম্বাবুয়ের ফার্স্ট বোলাররা কোয়ালিটি ফার্স্ট বোলার। চারটা ফার্স্ট বোলারই খুব চমৎকার লাইন-লেন্থে বল করছেন, এক্সট্রা একটা বাউন্স পাচ্ছেন তাদের হাইটের কারণে। অবশ্যই এখান থেকে আমরা কামব্যাক করব, আমি বিশ্বাস করছি।’

অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে জিম্বাবুয়ে। নতুন অধিনায়ক রিচার্ড এনগারাভার নেতৃত্বে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য স্বাগতিকদের। এ ম্যাচ জিততে পারলেই ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে রোডেশিয়ানরা। প্রথম ম্যাচে পেসারদের দাপট এবং শেষ দিকের গুরুত্বপূর্ণ জুটিও বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে জিম্বাবুয়েকে।

হারারে স্পোর্টস ক্লাবের একই পেস ও বাউন্স সহায়ক উইকেটে আবারও টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মত সংশ্লিষ্ঠদের।

জেআর